দিল্লিতে ফের চরম বায়ুদূষণ: বাতিল ৪০টি ফ্লাইট, বিলম্ব শতাধিক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় আবারও চরম আকার ধারণ করেছে বায়ুদূষণ। সোমবার সকাল থেকে শহরজুড়ে ঘন ধোঁয়াশা ছেয়ে যাওয়ায় অনেক এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান ও ট্রেন চলাচলে।

ঘন ধোঁয়ার কারণে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বায়ুদূষণের প্রভাবে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) জানিয়েছে, সোমবার সকাল ৬টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৪৫৬, যা ‘বিপজ্জনক’ শ্রেণিভুক্ত। পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতের আবহাওয়া বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা হিসেবে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

এর আগের দিন রোববারও দিল্লির আকাশ ছিল ঘন ধোঁয়ায় আচ্ছন্ন। সেদিন শহরের একিউআই রেকর্ড করা হয় ৪৬১। যদিও গত কয়েক সপ্তাহে দূষণ পরিস্থিতির সামান্য উন্নতির ইঙ্গিত মিলেছিল, তবে দিল্লির বড় একটি অংশ এখনও ঘন ও বিষাক্ত ধোঁয়ার কবলে রয়েছে।

বায়ুদূষণের এই পরিস্থিতি জনস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইত্তেফাক/এএম