একাত্তরের যুদ্ধ ছিল গণযুদ্ধ, এটি আওয়ামী লীগের যুদ্ধ নয়: মেজর (অব.) হাফিজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ, এটি কোনো একক দলের—বিশেষ করে আওয়ামী লীগের যুদ্ধ নয়। তিনি বলেন, সাম্য প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে এ যুদ্ধ হয়েছিল, ১৯৭১ সালের পর থেকেই সেই লক্ষ্য থেকে বিচ্যুতি শুরু হয় এবং দুঃশাসনের সূচনা ঘটে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ বলেন, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সঠিক ও সুষ্ঠু হয়, তাহলে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন, তা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ। সাম্য প্রতিষ্ঠার সেই যুদ্ধের পরেই ৭১–এর পর দুঃশাসন শুরু হয়েছে।’

নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘যাদের পুঁজি মাত্র ১৩টি আসন, তারাই আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতি সামনে আনছে।’

গণ-অভ্যুত্থান প্রসঙ্গে মেজর (অব.) হাফিজ অভিযোগ করেন, ‘একটি গোষ্ঠী গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নিতে চায়। বিএনপি ক্ষমতায় না এলে দেশে ভুল ইতিহাস চর্চা আবারও শুরু হবে।’

তিনি আরও দাবি করেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ একাধিক হত্যাচেষ্টার পথ বেছে নিতে পারে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে বিএনপি।’

ইত্তেফাক/এএম