ফরিদপুরের সালথা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক কৃষক লীগ নেতার হামলায় থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত কৃষক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক খোরশেদ খান (৪৫) গট্টি ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি এবং ওই এলাকার উচমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুলদিয়া মোড় এলাকায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় খোরশেদ খান গ্রেপ্তারে বাধা দেন এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পুলিশের ওপর শারীরিকভাবে হামলা চালান। এতে সালথা থানার এএসআই মুকুল আহত হন।
আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

