সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের আরও তিনজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরখাস্তের সংখ্যা বেড়ে মোট সাতজনে দাঁড়াল।
বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর সচিবালয়ের ভেতরে সংঘটিত ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলায় গত ১২ ডিসেম্বর শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায় ও ইসলামুল হক গ্রেপ্তার হন। পরবর্তীতে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের গ্রেপ্তারের তারিখ ১২ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

