গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে ককটেলগুলো উদ্ধার করা হয়। এর আগে রাত ৯টার দিকে ব্যাংক শাখার প্রধান ফটকের সামনে ককটেলসদৃশ চারটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

র‍্যাব-১৩ রংপুরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, “রাস্তায় এভাবে ককটেল পড়ে থাকতে দেখে আমরা খুব ভয় পেয়েছি। এতে এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি জানাই।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 
ইত্তেফাক/এএম