‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নওগাঁয় ১৩ জন গ্রেপ্তার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪

নওগাঁয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর অভিযান শেষে রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের বেনজির আহমেদ (৫২), পূর্ব চকপ্রাদ এলাকার রফিকুল ইসলাম (৩৫), কাশিয়াডাঙ্গা এলাকার আল আমিন (৩৬) ও জাহানপুর এলাকার হেলাল হোসেন (৫২); নওগাঁ সদর উপজেলার ভীমপুর এলাকার সিরাজ উদ্দিন (৪৫) ও নিন্দইল এলাকার জাহাঙ্গীর আলম (৪৬); আত্রাই উপজেলার কাসিয়াবাড়ি এলাকার মোখলেসুর রহমান; রাণীনগর উপজেলার চরকোনাই এলাকার সখিমুদ্দীন (৫০); বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের মিন্টু হোসেন ওরফে সকি (৩৩); মহাদেবপুর উপজেলার চকগোড়া পূর্বপাড়া এলাকার জালাল উদ্দিন (৩৬), কর্ণপুর জোয়াদ্দারপাড়া এলাকার পূর্ণ চন্দ্র সাহা (৬৬) ও দক্ষিণওড়া গ্রামের মামুনুর রশিদ (৫৫); এছাড়া পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবিনা বেগম (৩৮)।

পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিনব্যাপী জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি