এখন জাতিকে বিভক্ত করার সময় নয়, ঐক্য ধরে রাখতে হবে— নাহিদ ইসলাম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজধানী উত্তাল হয়ে ওঠেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর শাহবাগে ছাত্র-জনতা জড়ো হন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই সময়ে জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আন্দোলনে সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্কবার্তা দেন।

নাহিদ ইসলাম বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণকে দায়িত্বশীল থাকতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে। আন্দোলনের ভেতরে ক্ষোভকে কাজে লাগিয়ে স্যাবোটাজের পরিকল্পনা করা হচ্ছে। এখন জাতিকে বিভক্ত করার সময় নয়। যারা আন্দোলনের গতিমুখ ভিন্ন দিকে নিতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি জুলাই আন্দোলনের সময়ের ঐক্য স্মরণ করিয়ে দিয়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও শক্তিকে একই মঞ্চে আসার আহ্বান জানান। একসঙ্গে কথা বলা ও সম্মিলিতভাবে কর্মসূচি ঘোষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম জানান, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে রাতেও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

হাদির হত্যার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, “এই হত্যাকাণ্ড ঘটানো ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছে। তাদের ফেরত দিতে হবে। তার আগে ভারতের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয়।”

শরীফ ওসমান হাদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর, রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইত্তেফাক/এএম