হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলটির প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গুরুতর আহত মো. হাছান উদ্দিন নিজেই বাদী হয়ে হাতিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোটরসাইকেলে যাওয়ার পথে আসামিরা লাঠি, লোহার রড ও বটি-দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। পরে অতর্কিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে মো. হাছান উদ্দিন গুরুতর জখম হন। এ সময় হামলাকারীরা নগদ এক লাখ ৩৭ হাজার ২০০ টাকা লুটসহ মোট এক লাখ ৮৭ হাজার ২০০ টাকার ক্ষতিসাধন করে।

গুরুতর আহত মো. হাছান উদ্দিন বলেন, ভূমিহীনদের পক্ষে কথা বলায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে দার কোপ রয়েছে।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহতরা হলেন মধ্যম শুল্লকিয়া গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. হাছান উদ্দিন, মো. সালাউদ্দিনের ছেলে এমদাদ হোসেন ও এমরান হোসেনের ছেলে রাজিব উদ্দিন। তারা এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হান্নান মাসউদের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন।

ইত্তেফাক/এপি