১১ মাসে ক্লাসে উপস্থিত ২৫ দিন: পরীক্ষার অযোগ্য বলায় শিক্ষককে হাতুড়িপেটা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

১১ মাসে ক্লাসে উপস্থিত ছিলেন মাত্র ২৫ দিন। এ কারণে পরীক্ষার অযোগ্য বলায় এক মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর পিতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক হাবিবুর রহমান কালীগঞ্জ শোয়াইবনগর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক। 

হাবিবুর রহমান জানান, মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আল সিয়াম গত ১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত ছিল। এ কারণে তাকে পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীর পিতা শাহাজান।

শনিবার রাতে আড়পাড়া দরগা মোড় দিয়ে যাওয়ার সময় জরুরি কথা আছে বলে শিক্ষক হাবিবুর রহমানের পথ রোধ করেন শাহাজান। কথা বলার একপর্যায়ে হঠাৎ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়।

শোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, “সিয়াম নিয়মিত ক্লাস করে না এবং তার পড়াশোনার মানও সন্তোষজনক নয়। একজন শিক্ষার্থী পরীক্ষার উপযুক্ত না হলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া যায় না। কিন্তু বিষয়টি তার পরিবার মেনে নেয়নি। এর জেরেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।”

মাদ্রাসা সূত্র জানায়, অভিযুক্ত শাহাজান এর আগেও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ করেছিলেন। পুলিশি তদন্তে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “ঘটনার পর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত শাহাজানকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।”

 
ইত্তেফাক/এএম