তেল ট্যাংকার জব্দের পর যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র নিন্দা ভেনেজুয়েলার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮

ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয়বারের মতো তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভেনেজুয়েলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটিকে কর্মকর্তারা এই পদক্ষেপকে 'আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর কাজ' এবং 'চুরি-ছিনতাই' বলে নিন্দা জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নয়েম এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি জানান, কোস্টগার্ড পেন্টাগনের সহায়তায় জাহাজটি আটক করেছে।

পোস্টটির সঙ্গে প্রায় আট মিনিটের একটি দীর্ঘ ভিডিও ছিল। যেখানে দেখা যায়, সমুদ্রে একটি বৃহৎ ট্যাঙ্কারের ডেকের ঠিক ওপরে একটি হেলিকপ্টার ঘোরাফেরা করছে।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বৃদ্ধি করে চলেছে। ট্রাম্প গত মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রবেশ এবং প্রস্থানকারী সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কার 'সম্পূর্ণ অবরোধ' করার নির্দেশ দিয়েছেন।

ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় সাগর হয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে মাদুরো সরকার জড়িত দাবি করে ট্রাম্প ইতোমধ্যে ওই অঞ্চলে বিশাল সৈন্যবাহিনী ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। যদিও মাদুরো মাদক পাচার সংশ্লিষ্ট দাবি প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পের বিরুদ্ধে তাকে উৎখাতের পরিকল্পনার অভিযোগ করেন।

ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলসহ ভূমধ্যসাগরে চলাচল করা বেশ কয়েকটি নৌকায় হামলা চালিয়ে অর্ধশতাধিক লোককে হত্যা করেছে মার্কিন বাহিনী। এগুলো মাদকবাহী নৌকা ছিল বলা হলেও মানবাধিকার সংস্থাগুলো, এমনকি জাতিসংঘও হামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা সতর্ক করেছে, এসব হামলায় নিরপরাধ মানুষ প্রাণ হারাতে পারেন, যা যুদ্ধপরাধের সামিল হতে পারে।

'আন্তর্জাতিক জলদস্যুতা'

ভেনেজুয়েলা সরকার মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক পদক্ষেপগুলোকে 'আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর কাজ' বলে অভিহিত করেছে।

ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, 'আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীদের সংঘটিত একটি নতুন বেসরকারি তেল পরিবহনকারী জাহাজ চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি এর ক্রুদের জোরপূর্বক অন্তর্ধানের নিন্দা এবং প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলা।'

তিনি জোর দিয়ে বলেন, 'এই কাজগুলো শাস্তির বাইরে থাকবে না। ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অন্যান্য বহুপাক্ষিক সংস্থা এবং বিশ্বের সরকারগুলোর কাছে অভিযোগ দায়েরসহ সকল সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে।'

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ভেনেজুয়েলা তাদের তেল খাতকে জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন পিডিভিএসএ-এর নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে ২০০৭ সালে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ভেনেজুয়েলার অবশিষ্ট বিদেশি তেল প্রকল্পগুলোকেও জাতীয়করণ করেন। ফলে কনোকোফিলিপস এবং এক্সন মবিলের মতো মার্কিন তেল জায়ান্টগুলো কার্যকরভাবে 'উৎখাত' হয়ে যায়।

ইত্তেফাক/এসকে