ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেপ্তারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’।
বিক্ষোভের আয়োজকদের দাবি, গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করা হয়েছে। তারা বলেন, কেবল ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেটা থুনবার্গ অ্যাসপেন ইনসিওরেন্স–এর দপ্তরের বাইরে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে জড়িত।
লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছু সময় পরে ২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (Palestine Action) পক্ষে সমর্থনসূচক সামগ্রী (একটি প্ল্যাকার্ড) প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেপ্তার হন।’
গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

