লালমনিরহাট ও কুষ্টিয়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিশ্বজিৎ কুমার দাস এবং মো. বাবু নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল ও কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির দুটি দল পৃথক অভিযানে তাদের আটক করে।
আটকদের মধ্যে বিশ্বজিৎ কুমার দাস ভারতের আলিপুর দুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর বিওপি’র সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে অভিযান চালায়। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিশ্বজিৎকে আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশের ৮২০ টাকা ও ভারতীয় ৮০০ রুপি উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে অনুপ্রবেশসহ যেকোনো অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির হাতে আটক মো. বাবু ভারতরে পশ্চিমবঙ্গ রাজ্যরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালয়িন ৪৭ বিজিবির অধীনে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতর থেকে বাবুকে আটক করা হয়েছে। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালয়িন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বাবু নামে এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

