অর্থের অভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। কিয়েভের প্রধান অগ্রাধিকার সামরিকায়ন কার্যক্রম হওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। কাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।
রুশ সংবাদমাধ্যম আরটি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ আগেই শেষ হলেও তিনি সামরিক আইন জারি থাকার অজুহাতে নির্বাচন আহ্বান করেননি। জেলেনস্কিকে ‘অবৈধ’ ঘোষণা করে রাশিয়া দাবি করেছে, বর্তমানে ইউক্রেনের আইনগত ক্ষমতা দেশটির পার্লামেন্টের হাতে রয়েছে। মস্কোর মতে, জেলেনস্কির এই বিতর্কিত অবস্থান শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে একটি বাধা। এর মধ্যেই ইউক্রেনের ওপর নির্বাচন আয়োজনের চাপ বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় জেলেনস্কিকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেছিলেন। এর জবাবে জেলেনস্কি বলেন, তিনি ভোট আয়োজন করতে প্রস্তুত, তবে এর জন্য পশ্চিমা মিত্রদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে পোডোলিয়াক বলেন, নির্বাচন আয়োজনের আরেকটি বড় বাধা হলো অর্থায়ন। আমাদের এটি অর্থায়ন করার কথা নয়। বাস্তবতা হলো, বাজেট ঘাটতির কারণে আমরা এটি বহন করতে পারছি না। পোডোলিয়াকের মতে, ইউক্রেনের বাজেটে আরো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার প্রয়োজন রয়েছে, যার মধ্যে রয়েছে ‘সামরিকায়ন’ এবং ‘সামাজিক কর্মসূচি’, যা পৃথক পরিবারগুলোর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দেবে।
ট্রাম্পের সঙ্গে সাক্ষাত্ রবিবার
প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি রবিবার (আগামীকাল) ফ্লোরিডায় তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার পরিকল্পনা করছেন। ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই সাক্ষাত্ হবে বলে তিনি মনে করেন। গতকাল সাংবাদিকদের কথা বলার সময় জেলেনস্কি সতর্ক করে বলেন, এই বৈঠকের মাধ্যমে একটি দৃঢ় চুক্তিতে পৌঁছানো যাবে কি না, তা তিনি বলতে পারবেন না। তবে তিনি বলেছেন, উভয় পক্ষ যতটা সম্ভব চূড়ান্ত করার দিকে লক্ষ্য রাখবে। এর আগে ইউক্রেনের নেতা এক্সে লিখেছিলেন, নতুন বছরের আগে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। —সিএনএন ও রয়টার্স

