জয়পুরহাটের পাঁচবিবিতে আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মেসি ট্রাক্টরের ধাক্কায় রেজাউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রাহেলা বেগম (৫০)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হিলি-পাঁচবিবি সড়কের নওদা বেলাল চৌধুরীর ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকাঘাট গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামে এক আত্মীয়ের জানাজা শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় হিলি-পাঁচবিবি সড়কের বেলাল চৌধুরীর ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর সামনে থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। তার স্ত্রী রাহেলা বেগম বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি শনাক্তের জন্য অনুসন্ধান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
