কুষ্টিয়ার মিরপুরে রানা আহমেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ জোয়ার্দ্দার পাড়া গ্রামের একটি বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি মালিহাদ জোয়ার্দ্দার পাড়া গ্রামের আসান আলীর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় আলি হোসেনের বাড়ির উঠানে রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, নিহত রানা তার শ্বশুরবাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে একটি বাড়ির উঠানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের বাম চোখে রক্তের চিহ্ন রয়েছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
