চলতি বছরে বাস্তব আর অবাস্তব জগতের মধ্য দিয়ে পার হয়েছে সব ভাইরাল এবং ট্রেন্ডিং ঘটনা। যেখানে সাধারণ মানুষ রাতারাতি তারকা হয়েছে। এমনকি কর্পোরেট সাম্রাজ্য কেঁপে উঠেছে একেকটি ভিডিওতে।
২০২৫ সাল ছিল ডিজিটাল দুনিয়ার যেন রোলার-কোস্টার। কখনও সরলতার জাদুতে মন জিতেছে ভারতের কুম্ভ মেলার এক সাধারণ ফুল বিক্রেতা মেয়ের হাসি, আবার কখনও ইন্টারনেট ভেসেছে অদ্ভুত সব ট্রেন্ডিং ভিডিও আর এদিকে তো আছেই এআই- এর জাদু। বাস্তব আর অবাস্তব দুনিয়া যেন একদম মিশে গেছে এইসব ভাইরাল ঘটনায়। সোশ্যাল মিডিয়ার আলোড়ন, পপকালচারের উন্মাদনা আর বিতর্কের বিস্ফোরণে ২০২৫ নিঃসন্দেহে ছিল একেবারে চমকপ্রদ এক বছর।
চলতি বছরের ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মেও এটি ছিল আলোচনার কেন্দ্র। লাখো মানুষের ভিড়ের মধ্যেও নজর কাড়েন ইন্দোরের তরুণী ফুল-বিক্রেতা মোনালিসা ভোঁসলে। তাঁর হাসি, চোখের চাহনি, স্বাভাবিক আচরণ এবং ভাইরাল ভিডিওর মাধ্যমে তিনি হয়ে ওঠেন নেটিজেনদের প্রিয় মুখ।
টেইলর সুইফটের বাগদান
মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। নেটিজেনরা ছবির প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করতে শুরু করেন, আর ব্র্যান্ডগুলোও যোগ দেয় এই ভাইরাল আলোচনায়।
চীনা পুতুল লাবুবুর ক্রেজ
২০২৪-এ শুরু হলেও ২০২৫ সালে লাবুবু পুতুলের ক্রেজ তুঙ্গে ওঠে । হংকং শিল্পী কাসিং লুং-এর তৈরি এই লোমশ এলফ-সদৃশ ডল এক বছরে গোটা বিশ্বে ‘কালেক্টর' আইটেম হয়ে ওঠে। সাধারণ থেকে তারকা, সবাই লাবুবু পুতুলের ট্রেন্ডে গা ভাসান।
ন্যানো ব্যানানা ও স্টুডিও গিবিলি
দুটি প্রযুক্তি জায়ান্টের এআই ইমেজিং টুল ২০২৫- এ ইন্টারনেটকে মাতিয়ে তোলে।
গুগলের জেমিনি ‘ন্যানো বানানা’ট্রেন্ড নানা অদ্ভুত ছবি তৈরির কারণে ভাইরাল হয়। চ্যাটজিপিটির স্টুডিও গিবিলি-স্টাইল ইমেজ জেনারেটর মানুষকে নিজের কল্পনাকে শিল্পে রূপ দেওয়ার নতুন অভিজ্ঞতা দেয়।
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ ডাকাতি
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে দিনের আলোয় চুরি যায় আটটি অমূল্য নিদর্শন। সন্দেহভাজনের কাচ কাটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
ইন্ডিয়াস গট ট্যালেন্ট নিয়ে বিতর্ক
ইউটিউবার সময় রায়নার শো-কে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা। রণবীর আলাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের ভাইরাল হওয়ার পরই একাধিক এফআইআর হয়। অনেকেরই মূল আপত্তি ছিল প্রতিযোগীর সঙ্গে অভিভাবক ও যৌনতা নিয়ে প্রশ্নোত্তর নিয়ে।
কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড
কোল্ডপ্লে কনসার্টে ধারণকৃত একটি ভাইরাল ভিডিওটিতে বড় স্ক্রিনে এক যুগলকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। পরে জানা যায়, ওই যুগল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা। এ ঘটনা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ম্যাসাচুসেটসের একটি কোল্ডপ্লে কনসার্টে ধারণকৃত একটি ভাইরাল ভিডিওটিতে বড় স্ক্রিনে এক যুগলকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। পরে জানা যায়, ওই যুগল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা। এ ঘটনা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। । ভিডিওটি ভাইরাল হতেই কর্পোরেট দুনিয়ায় সৃষ্টি হয় তোলপাড়। এমনকি ভিডিও ভাইরাল হওয়ার পর মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সংস্থার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিপিও) ক্রিস্টিন ক্যাবটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
সব মিলিয়ে ২০২৫ সাল ছিল ভাইরাল ঘটনা, নতুন ট্রেন্ড এবং তীব্র বিতর্কে ভরা, এক এমন বছর, যেখানে ইন্টারনেটের বাস্তব ও কল্পনা দুটোই সমান শক্তিতে রাজত্ব করেছে।

