তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানালেন পাকিস্তানের স্পিকার 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তিনি পাকিস্তান সরকারের ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন।

পোস্টে আরও বলা হয়েছে, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানানো হয়। এই সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক খালেদা জিয়ার জানাজায় অংশ নেননি।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিভিন্ন দলের শীর্ষ নেতা ও লাখ লাখ সাধারণ মানুষ। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

ইত্তেফাক/এএম