নির্বাচনী হলফনামা

রুমিন ফারহানার সম্পত্তির বিবরণ: ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট, নগদ ৩২ লাখ টাকা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:২৯

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। হলফনামা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে তার নামে ৫ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার কাছে নগদ ৩২ লাখ টাকার বেশি অর্থ রয়েছে।

রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, ধানমন্ডির ল্যাবরেটরি রোডে অবস্থিত ৫ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট তিনি পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এসব সম্পত্তির জন্য কোনো মূল্য পরিশোধ করা হয়নি।

এ ছাড়া তার নামে পুরানা পল্টনে ১ হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের একটি স্পেস রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ টাকা।

রুমিন ফারহানা বর্তমানে পেশা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ রয়েছে ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। তবে তার নামে কোনো বিদেশি মুদ্রা, ব্যাংকে জমাকৃত অর্থ, বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে বিনিয়োগ নেই।

নিজের নামে কোনো যানবাহন নেই বলেও হলফনামায় উল্লেখ করেছেন। তবে তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণালংকার।

২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া আয়কর রিটার্নে রুমিন ফারহানার মোট আয় দেখানো হয়েছে ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার নামে পূর্বে চারটি ফৌজদারি মামলা ছিল, তবে সবগুলোই নিষ্পত্তি হয়েছে।

ইত্তেফাক/এএম