কুষ্টিয়ায় প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই বিতরণ, মাধ্যমিকে আংশিক সংকট

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৪:৩৭

নতুন বছরের প্রথম দিনেই পাঠ্যবই হাতে পেয়েছে কুষ্টিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিগত বছরগুলোতে বই বিতরণে বিলম্বের অভিযোগ থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা গেছে। বছরের শুরুতেই বই পাওয়ায় আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।

কুষ্টিয়া জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহিন জানায়, আগে তারা জানুয়ারির প্রথম তারিখে বই পায়নি। গত বছর ফেব্রুয়ারি মাসে বই হাতে পেয়েছিল। তার আগের বছরগুলোতে জানুয়ারিতেই বই দেওয়া হলেও প্রথম দিনে পাওয়া যায়নি। নতুন বছরের প্রথম দিনেই বই পেয়ে সে খুবই আনন্দিত।

একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তায়েপ আহসান বলে, বই হাতে পেয়ে সে অনেক খুশি। নতুন বইয়ের ঘ্রাণ তার খুব ভালো লাগে। গত বছরগুলোর তুলনায় এবার দ্রুত বই পাওয়ায় পড়ালেখা এগিয়ে নেওয়া সহজ হবে বলে সে আশা প্রকাশ করে।

তবে মাধ্যমিক পর্যায়ে কিছু শিক্ষার্থী এখনও সব বই পায়নি। কুষ্টিয়া হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাজ অভিযোগ করে বলে, সে মাত্র তিনটি বই পেয়েছে। শিক্ষকরা জানিয়েছে, সব বই এখনও আসেনি। তবে চলতি মাসের মধ্যেই বাকি বইগুলো দেওয়া হবে।

এক অভিভাবক শ্যামলী বলেন, বিগত বছরগুলোতে বই পেতে দেরি হলেও এবার তার সন্তান দ্রুত বই হাতে পেয়েছে। এতে করে পড়াশোনায় আরও মনোযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, স্কুল খোলা থাকলেও বই না থাকায় লেখাপড়া পিছিয়ে যায়। প্রতিবছরই যেন জানুয়ারির শুরুতেই বই দেওয়া হয় এটাই তাদের প্রত্যাশা।

প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলায় প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও একই সময়ে বই বিতরণ করা হবে। 

কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই আংশিক এসেছে। তবে আগামী ২৬ জানুয়ারির মধ্যেই সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা সম্পূর্ণ বই পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক/এএইচপি