মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের সম্পদ ১৭ কোটি, স্ত্রীর আয় বেশি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর হলফনামা অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদের মূল্য ১৭ কোটি টাকা, ব্যক্তিগত দেনা ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তার বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।

স্ত্রী ফাতেমা আজাদের নামে থাকা সম্পদ ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৫৪২ টাকা, বার্ষিক আয় ৯৯ লাখ ৩৫ হাজার ২৭৯ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে তিনি আয়কর জমা দিয়েছেন ২৫ লাখ ২৬ হাজার ৫৫২ টাকা। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, স্ত্রী ফাতেমা আজাদের বার্ষিক আয় স্বামীর চেয়ে অনেক বেশি।

হলফনামায় আবুল কালাম উল্লেখ করেছেন, তিনি দ্বৈত নাগরিক নন। তার বর্তমান ঠিকানা রাজধানীর ফার্মগেটের মণিপুরিপাড়া এবং স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ত্রিমোহন গাড়াইলে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বয়স ৬১ বছরের বেশি। বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তিনটি মামলা দায়ের হয়েছিল, যা খারিজ হয়েছে। পেশা হিসেবে আবুল কালাম ব্যবসায় নিয়োজিত; স্ত্রী ফাতেমা আজাদেরও পেশা ব্যবসা এবং তাদের ছেলে ফারহান আজাদ ছাত্র।

সম্পদ বিবরণ অনুযায়ী, আবুল কালাম আজাদের নামে উত্তরায় সাতটি অ্যাপার্টমেন্ট এবং মণিপুরিপাড়ায় আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। ব্যাংক ও নগদে তার সম্পদ ৫৯ লাখ ৯৪ হাজার ১৪৭ টাকা, ফিডিআর ও ডিপিএসে ৫২ লাখ টাকা। এছাড়া রয়েছে ২০ তোলা সোনা, একটি পিস্তল (৩ লাখ টাকার মূল্য), ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র। উত্তরাধিকার সূত্রে তার নামে ১১১ শতক জমি আছে। স্ত্রীর নামে ৫০ ভরি সোনা, ১৮০০ সিসি জিপ (২৭ লাখ টাকা), ৩২.৫ শতক অকৃষিজমি এবং ৫৬ লাখ টাকার ফিডিআর ও ডিপিএস রয়েছে।

আয়কর রিটার্ন অনুযায়ী, আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পদ ৫৮ লাখ ২৮ হাজার ৭৪৭ টাকা, আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা এবং তিনি আয়কর দিয়েছেন ১০ লাখ ৯২ হাজার ২০৫ টাকা। ফাতেমা আজাদের সম্পদ ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৫৪২ টাকা, বার্ষিক আয় ৯৯ লাখ ৩৫ হাজার ২৭৯ টাকা এবং আয়কর জমা ২৫ লাখ ২৬ হাজার ৫৫২ টাকা।

আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালে মির্জাপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক।

ইত্তেফাক/এমএএস