বসতবাড়ি থেকে পুরোনো মর্টার শেল উদ্ধার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রয়াত আসমত উল্লাহর বসতবাড়িতে শেলটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের এই মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় দীর্ঘদিন সেখানে পড়ে ছিল।

থানা পুলিশ জানায়, আর্টিলারি শেলটি উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে স্থানীয় সেনা ক্যাম্পকে জানানো হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয়।

দৌলতপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, উদ্ধার করা শেলটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি