নিখোঁজের দুদিন পর পরিত্যক্ত ঘরে মিললো ব্যবসায়ীর চোখ উপড়ানো মরদেহ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২০:১৭

জামালপুরে  নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বাড়ির কাছেই সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মিজানুর রহমান। নিহত আব্দুল জলিল কাষ্টশিঙ্গা গ্রামের তৈয়ব আলীর ছেলে এবং স্থানীয় বাজারে একটি চায়ের দোকান করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল জলিল খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আগুন পোহানোর জন্য। তারপর আর বাড়ি ফেরেনি। শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে বাড়ির কাছে পরিত্যক্ত ঘরের মেঝেতে আব্দুল জলিলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, আমার স্বামী বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে আগুন পোহানোর জন্য বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি। শনিবার বাচ্চারা খেলতে গিয়ে পরিত্যক্ত ঘরে আমার স্বামীর মরদেহ দেখতে পায়।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছে, আব্দুল জলিলের মরদেহের চোখ উপড়ানো ছিল, কপালেও আঘাতের চিহৃ রয়েছে।  ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।  

ইত্তেফাক/এপি