ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০২

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার পর নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, কুয়াশার কারণে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

ইত্তেফাক/এএইচপি