হরিণ শিকারিদের ফাঁদে আটকে পড়েছে বাঘ, উদ্ধার অভিযান আজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:০০

পূর্ব সুন্দরবনের শরকির খালসংলগ্ন বনের ভেতরে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে রোববার (৪ জানুয়ারি) উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়ে। শনিবার দুপুরের পর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা ফাঁদে আটকে থাকা বাঘটিকে দেখতে পান।

তিনি আরও জানান, বাঘটির নিরাপত্তা নিশ্চিত করতে শরকির খালপাড় এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে যেতে না পারে। রোববার সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধার অভিযানে ট্যাংকুলাইজার ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হলে সেটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এরপর বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রোববার সকালে ঢাকা থেকে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল আসবে। তারা বাঘটি উদ্ধারের কার্যক্রম পরিচালনা করবে।

ইত্তেফাক/এএইচপি