চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক প্রমাণ মেলায় বাকলিয়া থানার আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন–বাকলিয়া থানার এসআই মোহাম্মদ আল-আমিন সরকার ও মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও এনামুল হক এবং কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না।
পুলিশ সূত্র জানায়, মাদকদ্রব্য আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্য করার অভিযোগে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) বিধি-৮৮০ অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বছরের ৮ ডিসেম্বর রাতে নগরের নতুনব্রিজ এলাকার একটি তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল মো. ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন। পরে রাত আনুমানিক সাড়ে তিনটায় কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে ছেড়ে দেওয়া হয়।
পরে বিষয়টি জানাজানি হলে নগর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। তদন্তে ইয়াবাসহ ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ার তথ্য উঠে আসে।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, আটজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

