মাদুরোকে তুলে নিয়ে আসে ২০০ মার্কিন সেনা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২১

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার সেই রুদ্ধশ্বাস অভিযানে কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিলেন, তা অবশেষে পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। 

সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ওই গোপন অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় ২০০ জন সেরা সদস্য মোতায়েন ছিল। ভার্জিনিয়ার একটি জাহাজ নির্মাণ কারখানায় নৌবাহিনীর নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ‘পিসিইউ জন এফ. কেনেডি’-তে নাবিক ও কর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য প্রকাশ করেন।

সিএনএন-এর লাইভ আপডেটে জানানো হয়েছে, এই বিশেষ অভিযানে সেনাবাহিনীর এলিট ডেল্টা ফোর্সের পাশাপাশি এফবিআই-এর একটি চৌকস ইউনিটও সক্রিয়ভাবে যুক্ত ছিল।

প্রতিরক্ষা সচিব হেগসেথ তাঁর বক্তব্যে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতা নিয়ে কটাক্ষ করে বলেন, ‘মনে হচ্ছে রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা কাজে আসেনি।’ তিনি আরও জানান যে, ডাউনটাউন কারাকাসে প্রবেশ করে মার্কিন আইনে অভিযুক্ত ও মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মাদুরোকে তারা সফলভাবে আটক করে আনতে সক্ষম হয়েছেন। 

অত্যন্ত স্বস্তির বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, এই অভিযানে একজন মার্কিন সেনাও নিহত হননি। অভিযানের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে হেগসেথ রসিকতা করে বলেন, মাদুরো এমন কিছু অসাধারণ আমেরিকানের সঙ্গে দেখা পেয়েছিলেন যারা নাইট-ভিশন গগলস পরে তাঁর ঘরে ঢুকেছিলেন। এমনকি মাদুরো বা তাঁর নিরাপত্তা দল অভিযানের বিষয়টি ঘুণাক্ষরেও টের পায়নি।

নিকোলাস মাদুরোকে আটকের সেই নাটকীয় মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে হেগসেথ আরও জানান যে, মার্কিন সেনারা যখন তাঁদের একদম কাছাকাছি পৌঁছান, তার মাত্র তিন মিনিট আগেও মাদুরো কিছুই জানতেন না। এমনকি অভিযানের সময় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বাইরে বিমানের শব্দ পাওয়ার কথা বললেও তাঁরা বুঝতে পারেননি যে তাঁদের বন্দি করতে মার্কিন ডেল্টা ফোর্স চলে এসেছে। 

বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন এবং নিজেকে নির্দোষ দাবি করছেন। তবে পেন্টাগন এই অভিযানকে একটি বিশাল সাফল্য হিসেবে দেখছে, যেখানে কোনো মার্কিন প্রাণের ক্ষতি ছাড়াই এক দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনা সম্ভব হয়েছে।

সূত্র: সিএনএন

ইত্তেফাক/টিএইচ