দেশের অন্যতম বড় ও ভারী শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের ডিস্টিলারির গোডাউন থেকে প্রায় ৩শ’ কার্টন (প্রায় অর্ধ কোটি টাকার) ফরেন লিকার (বিলাতিমদ) উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
ডিস্টিলারির কর্তৃপক্ষ বিষয়টি যাচাইয়ের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে।
ফরেন লিকার বিভাগের সুপারভাইজার আবুল কালাম জানিয়েছেন, প্রতিদিন উৎপাদিত ফরেন লিকারের হিসাব নথিভুক্ত করা হয়। তবে একই সংখ্যা দু’বার বসানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
ফরেন লিকার উৎপাদন বিভাগের প্রধান ও গোডাউন ইনচার্জ নুরুল ইসলাম জানিয়েছেন, দিন শেষে হিসাব অনুযায়ী মালামাল সঠিক আছে এবং কোনো গরমিল নেই।
জি এম (ডিস্টিলারি) রাজিবুল হাসান বলেন, ৩০০ কার্টন ফরেন লিকার উধাও হওয়ার ঘটনা সঠিক নয়, কারণ গোডাউন পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় রয়েছে।
দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হিসাব বিভাগের প্রধান গোলাম জাকারিয়াকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
