রাজধানীতে সিলিন্ডারের আগুনে পিতা-পুত্রসহ দগ্ধ ৩

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:১৫

রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে এক চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের আগুনে পিতা-পুত্রসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। দগ্ধরা হলেন চা দোকানি জয়নাল আবেদীন (৬২), তার ছেলে শহীদ (৩৮) এবং ওই দোকানের কর্মচারী সজীব (২৩)।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান খান জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে নিজ চায়ের দোকানের চুলায় আগুন ধরানোর সময় সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায়। এতে দোকানে থাকা তিনজনই দগ্ধ হন। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায় ও তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। পরে বেলা দেড়টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন:  মাজেদার ঠাঁই হলো সেফহোমে

এ সময় তিনি চিকিৎসকের বরাত দিয়ে জানান, জয়নাল আবেদীন ও সজীবের শরীরের ১০ শতাংশ আর শহীদের শরীর ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি