বিয়ের পিঁড়িতে বসতে হলো না আসলামের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:০৮

ছেলে বাড়ি ফিরলেই ধুমধাম করে বিয়ে এই স্বপ্নই আঁকড়ে ধরে দিন গুনছিলেন বাবা-মা। কনে ঠিক, কেনাকাটা প্রায় শেষ, দিন-তারিখও চূড়ান্ত। দুই পরিবারে বইছিল বিয়ের আনন্দের হাওয়া। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো সীমাহীন শোক আর বিষাদে।

তিন বছর পর প্রবাস জীবন শেষে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন আসলাম শিকদার। 
আগামী শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন তিনি নিজেও। অথচ দেশে ফেরার একদিনও পূর্ণ হলো না, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আসলাম। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসলাম শিকদার (২১) উপজেলার বেলতলী গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন আসলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্বজনদের ভাষ্য, পরিবারের হাল ধরতেই অল্প বয়সে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আসলাম। বিয়ের উদ্দেশ্যেই তিনি দেশে ফিরেছিলেন। কিন্তু সেই বিয়ের পিঁড়িতেই বসা হলো না তার—ফেরার আগেই কপালে লেখা ছিল নির্মম পরিণতি।

নিহতের চাচা ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমবার রাতেই বিদেশ থেকে ফিরেছিল ছেলেটা। শুক্রবার তার বিয়ের দিন ঠিক ছিল। চোখের সামনে সব শেষ হয়ে গেল।

আসলামের মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ। আনন্দের সাজে সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে শোকের নীরবতায়। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ (বুধবার) দুপুরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

ইত্তেফাক/এএইচপি