নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনে ৩৩২২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:২০

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনে তিন হাজার ৩২২ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে কনভোকেশন চেয়ার হিসেবে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মো. শাহজাহান, মিসেস ইয়াছমিন কামাল, মিসেস রেহানা রহমান, মিসেস দুলুমা আহমেদ, এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনভোকেশন মার্শাল এবং গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুন মোল্লা। 

সমাবর্তন ভাষণে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, এই সমাবর্তন তোমাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক শেষ হলেও এটি একটি বৃহত্তর জীবনের সূচনা। তোমরা এখান থেকে যা অর্জন করেছ তার চেয়েও তোমরা এটা কীভাবে কাজে লাগাবে সেটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি এই শিক্ষাকে দায়িত্ব, সততা ও সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে। পেশাগত সাফল্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি ন্যয়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজেদের উজাড় করে দেয়াও গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের উদ্দেশে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আজ গর্ব ও আশার একটি বিশেষ মুহূর্ত। ভবিষ্যৎ এখন তোমাদের হাতে। সততা ও সহমর্মিতার সঙ্গে নেতৃত্ব দাও, নিজের শিকড় ভুলে যেয়ো না। অর্থবহ ও পরিপূর্ণ জীবন গঠনের পথে আশার আলো নিয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করো।

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হওয়ায় তোমাদের অভিনন্দন। এখানেই তোমরা গড়ে উঠেছো, প্রত্যাশা পূরণের জন্য কল্পনার পরিধি বিস্তৃত হয়েছে। আজ বিশ্ব তোমাদের চোখের সামনে এবং হাতের মুঠোয়—আমি তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের মাধ্যমে নয়, বরং অন্যদের জন্য কী সম্ভব করে তুলতে পারো—তার মাধ্যমেই পরিমাপ করা হবে। জ্ঞান, সাহস এবং মানবতার প্রতি গভীর দায়িত্ববোধ যেন তোমাদের জীবনকে পরিচালিত করে।

সমাবর্তন অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে মোট ১০ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়েছে। এর মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন ২ জন শিক্ষার্থী এবং ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছেন ৮ জন শিক্ষার্থী।

ইত্তেফাক/এসএএস