এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, 'ওয়ার্ড কাউন্সিলে প্রয়োজনীয় যন্ত্রপাতি, মশা নিধনের ঔষধ ও জনবল সরবরাহ করে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে।'
এ সময় কম খরচে আন্তরিকতার সঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সেবা করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সম্ভব হলে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করান। কিন্তু কারো কাছ থেকে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি'র চেয়ে বাড়তি টাকা আদায় করা যাবে না। সকল হাসপাতালে অধিক সংখ্যক ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।'
প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসার কাজ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের সেবা করার সুযোগ এসেছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এডিস মশা ও ডেঙ্গু সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে।'
আরও পড়ুন: ঈদের আগে গাইবান্ধায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে: রেলমন্ত্রী
ডেঙ্গু মাকাবিলায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, 'এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে।'
র্যালিতে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
