গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলি তার শরীরে লাগেনি।
ভুক্তোভোগী ঐ নেতার নাম হাবিব চৌধুরী। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। বাসন থানার ওসি হারুন অর রশীদ গুলির বিষয়টি নিশ্চিত করেছন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপি নেতা হাবিব চৌধুরী তার নিজের ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সে সূত্রে দু’জন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার সকালে মোগড়খাল এলাকায় মোটরসাইকেলটি দেখতে আসেন। প্রায় ঘন্টাব্যাপী তারা নানাভাবে মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তাদের একজন হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি ছুড়ে এবং মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যেতে থাকে। হাবিব মোটরসাইকেলের পিছনে দৌড় দিল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তবে গুলিটি তার শরীরে লাগেনি। এ ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ট্রাপ সাজিয়ে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো শহীদ হতেন। তিনি ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে।
