রাজধানীতে সকালের তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২০

রাজধানী ঢাকায় আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। হালকা থেকে মাঝারি কুয়াশা এবং বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আগের মতোই রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর্দ্রতা বেশি থাকায় দিনভর শীতের আমেজ বজায় থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইত্তেফাক/এএইচপি