রাজধানীর বনশ্রী থেকে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
জানা গেছে, ফাতেমা পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর একটি বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যায়। ঢাকায় ফাতেমা ও তার বোন ছিলেন। শনিবার বিকেলে তার বোন বাসার বাইরে গেলে ফিরে এসে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে, সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করা হচ্ছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
