খাগড়াছড়ির ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প দীর্ঘ প্রায় সাত বছরেও শেষ হয়নি। প্রকল্পের নির্ধারিত সময়ও শেষ হয়ে যাওয়ায় প্রায় এক বছর ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে বর্তমান ১০০ শয্যার হাসপাতাল ভবনে প্রয়োজনীয় স্থান না থাকায় আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা সম্ভব হচ্ছে না।
২০১৮ সালে গণপূর্ত অধিদপ্তর ১০তলা বিশিষ্ট ২৫০ শয্যার ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করে। প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্পের ঠিকাদারি পায় স্থানীয় মের্সাস সেলিম এন্টারপ্রাইজ। কিন্তু কাজের ধীরগতির কারণে ২০২১ সালে নির্ধারিত সময়সীমায় কাজ শেষ হয়নি। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৪ পর্যন্ত সময় দেওয়া হয়, তবুও কাজ অসম্পূর্ণ থেকে গেছে।
খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, ঠিকাদার প্রতিষ্ঠান ৮০-৮৫ শতাংশ কাজ শেষ করেছে। বাকি কাজের জন্য নতুন প্রাক্কলন তৈরি ও অনুমোদন শেষে দরপত্র আহবান করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু করা হবে।
এ পরিস্থিতিতে গত বছর অনুমোদিত ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং আইসিইউ বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না।
খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের বলেন, নতুন ভবনের কাজ শেষ হলে ডায়ালাইসিস ও আইসিইউয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, বিশেষজ্ঞ ডাক্তার ও লোকবল পোষ্টিং করা হবে।
বর্তমান ১০০ শয্যার হাসপাতাল অপ্রতুল হওয়ার কারণে স্থানীয়রা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ডাক্তাররা চিকিৎসা কার্যক্রম পরিচালনায় দুশ্চিন্তায় পড়েছেন।
