কাজের প্রলোভনে তিন রোহিঙ্গা অপহরণ, আটক ১

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯

কাজের আশ্বাস দিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রামুতে অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. বাবু (২৩)। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে দিনমজুরির কাজের কথা বলে একটি চক্র তিন রোহিঙ্গা যুবককে ক্যাম্প থেকে ডেকে নেয়। পরে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদের চোখ-মুখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুই যুবকের পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা আদায় করা হয়।

তৃতীয় যুবকের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হলে অপহরণে জড়িত ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মো. বাবুকে আটক করে সন্ধ্যা আটটার দিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ তিন অপহৃত যুবককে উদ্ধার করে হেফাজতে নেয়।

অপহরণের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে আরও দুজনের নাম উঠে আসে—এরশাদুল্লাহ ও জালাল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

ইত্তেফাক/এএইচপি