জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৪:১১

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।

এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন তিনি। আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন প্রার্থীর আবেদন মঞ্জুর করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

শুনানি শেষে মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনিচ্ছাকৃতভাবে সৃষ্ট স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ সেই আপিল মঞ্জুর হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই।’

ইত্তেফাক/এএইচপি