নির্ধারিত সময়ের আগেই ইসিকে ব্যালটের কাগজ সরবরাহ করেছে কেপিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপার জন্য নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশনকে (ইসি) ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)।

সরবরাহকৃত কাগজের মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, এজুরলেইডসহ বিভিন্ন রঙের কাগজ এবং বাদামি সালফেট রঙের কাগজ।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি জানান, চাহিদাপত্রের বিপরীতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশনের জন্য ব্যালট পেপার তৈরির কাগজ সরবরাহ সম্পন্ন করেছে কেপিএম কর্তৃপক্ষ। সরবরাহের শেষ সময় নির্ধারিত ছিল আগামী ১৫ জানুয়ারি। তবে শেষ সময়ের আরও চারদিন আগে অর্থ্যাৎ ১১ জানুয়ারির মধ্যেই পর্যায়ক্রমে বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) কাছে এসব কাগজ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সরবরাহকৃত কাগজের বর্তমান বাজারমূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা। নির্বাচন কমিশন বিএসও’র মাধ্যমে এসব কাগজ সংগ্রহ করে থাকে।

এদিকে কাপ্তাই লেকের পানি দ্রুত কমে যাওয়ায় একপর্যায়ে কাগজ উৎপাদন নিয়ে উদ্বেগে পড়ে কেপিএম কর্তৃপক্ষ। এ কারণে চারদিন উৎপাদন বন্ধ রাখতে হয়। পরে বিকল্প পানির লাইন স্থাপন করে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা হয়।

কেপিএমের এমডি জানান, ২০২৫–২০২৬ অর্থবছরে সাড়ে তিন হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি বিএসও’র মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি প্রতিষ্ঠানে আরও প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত কাগজ ও মণ্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কলগুলোর অন্যতম। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের প্রথম দিককার শিল্প সংস্থাগুলোর একটি, যা কারখানা আইনের আওতায় নিবন্ধিত হয়। বর্তমানে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত হচ্ছে।

ইত্তেফাক/এপি