খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল বাছেদ বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগমারা গ্রামে এ ঘটে।
নিহত আব্দুল বাছেদ বিকুল রূপসা উপজেলার বাগমারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে বাগমারা গ্রামের কদমতল মাঠে বিকুলসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল পিকনিক করছিল। এ সময় দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি করে। এর মধ্যে দুইটি গুলি তার বুকে এবং একটি গুলি মাথায় বিদ্ধ হয়। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, কি কারণে আব্দুল বাছেদ বিকুলকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও অস্ত্রসহ ৭-৮টি মামলা রয়েছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে।
