ভোলায় ‘ভুল রক্ত‘ দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৮

ভোলা শহরের কালিনাথ বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এক প্রসূতি রোগীকে ভুল রক্ত দেওয়ায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওই স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।

নিহত নারীর নাম লামিয়া আক্তার। তিনি ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার মো. শরীফের স্ত্রী।

সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যুর পর রাতে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত বুধবার বিকেলে প্রসূতি মা লামিয়া আক্তারকে তারা কালিনাথ রায়ের বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে ভর্তি করেন। পরদিন বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর জন্য বি-পজিটিভ রক্তের ব্যবস্থা করতে বলেন।
তবে লামিয়া আক্তারের রক্তের গ্রুপ ছিল ও-পজিটিভ। 

অভিযোগ রয়েছে, ভুলবশত তার শরীরে বি-পজিটিভ রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার কিছুক্ষণ পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেদিন সন্ধ্যায় সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোগীর স্বজনরা বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের মালিক, চিকিৎসক ও নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে স্বজনদের বিক্ষোভ শুরু হলে স্বাস্থ্যকেন্দ্রটির মালিক ও সংশ্লিষ্ট চিকিৎসকরা পালিয়ে যান বলে জানা গেছে। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, স্বজনদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি