দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

বিভিন্ন অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলা থেকে খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত পৃথকভাবে এই আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে পৃথক ৩টা মামলা করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলাগুলোয় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি মামলাগুলো প্রত্যাহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের জন্য গেজেট প্রকাশ করে। আজকে আমরা আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সেই গেজেটের কপি এবং মামলাগুলো থেকে তাকে খালাসের আবেদন করি। শুনানি শেষে আদালত মামলাটি প্রত্যাহার করে আখতার হোসেনকে খালাসের আদেশ দেন।’

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আখতারের বিরুদ্ধে মোট ৬টি মামলাটি হয়েছিলো। এর মধ্যে চার মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দু’টি থেকে খালাস পেলেন আজ।

 
ইত্তেফাক/এসএএস