আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট ২ হাজার ৫০৮ জন পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ৪৩৩ জন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত একটি ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরেকটি ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট প্রদান শেষে ভোটাররা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাবেন। ভোট গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালট গণনা করা হবে।
আমেরিকাপ্রবাসী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন আহম্মেদ জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি আমেরিকা থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধন করেছি। প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারায় আমি আনন্দিত। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
