রাজধানীর মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাইজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।
তাইজুলকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী আলতাফ হোসেন। তিনি জানান, মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে কাজ করছিলেন তাইজুল। হঠাৎ ওই ভবনের ষষ্ঠতলা থেকে লোহার একটি বড় পাইপ তার মাথার ওপর পড়ে। পাইপ এমনিতে খুলে পড়েছে, নাকি কেউ ওপর থেকে ছুড়ে ফেলেছে– তা জানা যায়নি। তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকন্দপাড়া গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এ-সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা নেবে।
