ফেনী-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই এবং দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৌশুল্লা গ্রামে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে উঠান বৈঠক করে ভোট চান আকবর হোসেন ও তার স্ত্রী শাহিনা আকবর। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহাম্মদ ডিপলু জরিমানার অর্থ পরিশোধ করেন।
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ভোট চাওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ইতোমধ্যে আদায় করা হয়েছে।
