আজ মাঘ মাসের ৩ তারিখ। প্রকৃতির নিয়ম অনুযায়ী এখন সারা দেশে তীব্র শীত থাকার কথা। দেশের কয়েক জায়গায় অবশ্য শীতের প্রভাব রয়েছে, যেমন আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।
কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। দেশের এই এক স্থানেই আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এরপরও আবহাওয়া অফিস বলছে না যে এখানে শৈত্যপ্রবাহ আছে। এর কারণ হলো, এভাবে বিচ্ছিন্ন একটি এলাকায় তাপমাত্রা এমনটা থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না।
শুক্রবার (১৬ জানুয়ারি) দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তারপর আবার তা বাড়তে পারে। এভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে এ মাসে আর শৈত্যপ্রবাহ আদৌ হবে কি না, সেই প্রশ্ন উঠেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অন্তত ২৬ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। এরপর নতুনভাবে আবার শৈত্যপ্রবাহ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যায় না।
