ইসলামী আন্দোলনের জন্য রাখা আসন কীভাবে বণ্টন হবে, জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:১০

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা ৪৭টি আসন জোটের বাকি দলগুলোর মধ্যে ভাগাভাগি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মামুনুল হক। এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে দেখা করেন।

মামুনুল হক জানান, শুরু থেকে যে প্রক্রিয়ায় আসন বণ্টন হয়েছে, ইসলামী আন্দোলন না আসায় সমঝোতার ভিত্তিতে একই প্রক্রিয়ায় আসন বণ্টন হবে। যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই আসনগুলো বণ্টন হয়ে যাওয়ার আশা প্রকাশ করে মামুনুল হক বলেন, এরপর আসনগুলোতে যে দলের প্রার্থী থাকবেন, তিনি ছাড়া বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

সে সময় খেলাফত মজলিসের আমিরকে প্রশ্ন করা হয়, জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না। জবাবে মামুনুল হক বলেন, সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল। সেই অঙ্গীকার থেকে সরে যায়নি দলগুলো। তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না। সেইসঙ্গে এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ না থাকলেও রাজনৈতিক সমঝোতা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না, ইসলামী আন্দোলনের এমন অভিযোগের বিষয়েও মামুনুল হককে প্রশ্ন করা হয়। তিনি জানান, জামায়াতের আমিরের কথার মূল অর্থ হলো, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে এক দিনেই শরিয়াহ আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। এই কথার মধ্যে কোনো অসংগতি নেই।

ইত্তেফাক/এটিএন