সময় পেরিয়ে গেলেও শোকজের জবাব দেননি বিসিবি পরিচালক নাজমুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে তোলপাড় ছিল  দেশের ক্রিকেটাঙ্গন। গত বৃহস্পতিবার অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয় বিসিবি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শোকজের জবাব দেননি নাজমুল।

মিঠু জানিয়েছিলেন বিসিবির বেধে দেওয়া নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, ‘তাকে (বিসিবি পরিচালক নাজমুল) তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার (সুযোগ ততক্ষণ পর্যন্ত)।’

নিয়ম অনুযায়ী শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শেষ হয়েছে নাজমুলের শোকজের জবাব দেওয়ার সময়। তবে এই বিসিবি পরিচালক এখনও কোন জবাব দেননি। গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন একজন বিসিবি পরিচালক।

বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’

আরেক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

ইত্তেফাক/জেডএইচ