ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫

এফিডেভিডের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আগামীকাল (রোববার) আপিল শুনানির শেষ দিনে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেয়া হয়, তাহলে অ্যাকশনে যাব।

তিনি আরও বলেন, বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।

নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইসি একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়তা দেখাচ্ছে এবং আসন্ন নির্বাচনও বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।

ইত্তেফাক/এনএ