মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৩৪

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছবি: ইত্তেফাক 

এ ঘটনায় নিহতদের মধ্যে ৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)। 

জানা গেছে, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এলে অভারটেক করার সময় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

ছবি: ইত্তেফাক 

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল। এতে প্রায় শতাধিক গাড়ি দুর্ঘটনাস্থলের উভয়-পাশে আটকা পড়ে।

 
ইত্তেফাক/এসএএস