দাবি আদায়ে মূল গেট অবরোধের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের (ইসি) সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করছি; তবে দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। তিনটি অভিযোগকে সামনে রেখে সংগঠনটির এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। 

ছাত্রদলের তিনটি অভিযোগ হলো— 

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। আমরা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা গতকালের মতো সুশৃঙ্খলভাবে এখানে তপ্ত রোদকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয় আমরা সারা রাত এখানে অবস্থান করব। দাবি আদায় ছাড়া এখান থেকে যাব না।

ছাত্রদল সভাপতি বলেন, এই ভবনের সামনে যারা রয়েছেন তাদের উদ্দেশে শুধু একটি কথা বলছি, গতকাল আপনারা অনেক ব্যস্ত ছিলেন। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিষ্পত্তির জন্য। সেজন্য আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। আপনারা যে কথা দিয়েছেন, অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফল চাই। আমরা সুষ্ঠভাবে ২২ জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়েই সারাদেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে বেলা সাড়ে ১১টার পর নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় থেকে নির্বাচন ভবনের সামনে ও আশপাশের সড়কে সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ইসির নিরাপত্তা বেস্টনীর বাইরে থেকে বিভিন্ন স্লোগান দেন তারা। কর্মসূচিকে কেন্দ্র করে ইসি কার্যালয়ের আশপাশে পুলিশ, র‌্যাব, নৌ ও আনসার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে একই দাবিতে রোববারও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে বিকেলে সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিন দফা দাবি লিখিতভাবে দেন। পরে সাংবাদিকদের ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কর্মসূচি আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ইত্তেফাক/এমএস